দিল্লির রাজনৈতিক মহলে সোমবার একটি বৈঠককে ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। বিজেপির শীর্ষ নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে তৃণমূলের একাধিক সাংসদের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের দাবি, তৃণমূলের একাধিক ‘বিদ্রোহী’ সাংসদ এই বৈঠকে অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
দিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে তৃণমূলের সংসদীয় দলের ভবিষ্যৎ এবং সম্ভাব্য রাজনৈতিক পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে রাজনৈতিক সূত্রের খবর। সেই কারণেই বৈঠকটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সূত্র অনুযায়ী, বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের লোকসভার ১১ জন সাংসদ। তাঁদের মধ্যে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, অসিত মাল, বাপি হালদার, জুন মালিয়া, জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, কালীপদ সরেন, অরূপ চক্রবর্তী, পার্থ ভৌমিক এবং শর্মিলা সরকার।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, সম্প্রতি তৃণমূল এবং রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া সুখেন্দুশেখর রায়ও এই বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। ফলে রাজনৈতিক মহলে জল্পনা আরও তীব্র হয়েছে।
যদিও বৈঠক নিয়ে কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি, তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, তৃণমূলের সংসদীয় শিবিরে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নিয়েই আলোচনা হয়েছে। দিল্লির এই বৈঠক এখন রাজ্য ও জাতীয় রাজনীতির অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে।