২০২২ কাতার বিশ্বকাপের হতাশার পুনরাবৃত্তি ঘটল ২০২৬ বিশ্বকাপেও।টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল উরুগুয়েকে।প্রথম দুই ম্যাচে ড্র করার পর স্পেনের বিরুদ্ধে ছিল বাঁচা-মরার লড়াই।সেই ম্যাচে অন্তত একটি পয়েন্ট পেলেই নকআউটে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু স্পেনের কাছে পরাজয়ের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় তাদের বিশ্বকাপ অভিযান।এই ব্যর্থতার পর গোটা দেশজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।সমর্থকদের পাশাপাশি ক্ষুব্ধ ফুটবল কর্তারাও।সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি সিদ্ধান্ত—দলের জন্য আগে থেকে বুক করা চার্টার্ড বিমান বাতিল করে দেওয়া হয়। ফলে ফুটবলারদের একসঙ্গে দেশে ফেরার সুযোগ হয়নি। প্রত্যেককে নিজেদের উদ্যোগে আলাদা ফ্লাইটে ফিরতে হয়েছে।এই ঘটনাকে ঘিরেই অনেকের মনে উত্তর কোরিয়ার কঠোর শাস্তির সংস্কৃতির প্রসঙ্গ উঠে এসেছে।
বিশ্বকাপে ব্যর্থতার নেপথ্যে শুধুই মাঠের পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমের অশান্তিও বড় কারণ বলে দাবি করছে উরুগুয়ের একাধিক সংবাদমাধ্যম।জানা গিয়েছে,কোচ মার্সেলো বিয়েলসার সঙ্গে কয়েকজন সিনিয়র ফুটবলারের সম্পর্ক অনেক দিন ধরেই তিক্ত হয়ে উঠেছিল।তাঁর অনুশীলনের পদ্ধতি ও কৌশল নিয়ে প্রকাশ্যেই আপত্তি তুলেছিলেন কয়েকজন খেলোয়াড়।স্পেনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেও কোচ ও ফুটবলারদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে বলে খবর।সেই অস্থির পরিবেশের প্রভাব মাঠের খেলাতেও পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।যে বিয়েলসাকে ঘিরে নতুন স্বপ্ন দেখছিল উরুগুয়ে ফুটবল,সেই স্বপ্ন এখন প্রায় ভেঙে গিয়েছে।দেশটির ফুটবলমহলের একাংশের মতে,তাঁর বিদায় এখন শুধু সময়ের অপেক্ষা।
বিশ্বকাপ থেকে বিদায়ের পর নিজের হতাশাও লুকোননি মার্সেলো বিয়েলসা।তিনি স্পষ্ট জানিয়েছেন,তিন বছর দায়িত্বে থেকেও উরুগুয়ের ফুটবলে প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেননি।তাঁর কথায়,সমর্থন যতই থাকুক,ফল না এলে একজন কোচের কোনও মূল্য থাকে না।কোপা আমেরিকায় তৃতীয় স্থান অর্জনও বিশ্বকাপের ব্যর্থতার সামনে অর্থহীন বলেই মন্তব্য করেন তিনি।এদিকে চার্টার্ড বিমান বাতিলের ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, বিশ্বের বিভিন্ন দেশে সাফল্যের জন্য যেমন খেলোয়াড়দের বিশেষ সম্মান দেওয়া হয়,তেমনই ব্যর্থতার পর কঠোর সিদ্ধান্তও দেখা যায়।তবে উরুগুয়ের এই পদক্ষেপকে অনেকেই নজিরবিহীন বলেই মনে করছেন,যা আগামী দিনে দেশটির ফুটবলের ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন তুলে দিয়েছে।