বিধায়কদের সই জালিয়াতিকাণ্ডের তদন্তে এবার কালীঘাটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় দলীয় কার্যালয়ে পৌঁছল CID। সূত্রের খবর, প্রায় ৩০ জন আধিকারিকের একটি দল মঙ্গলবার ৩০/বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উল্টোদিকের তৃণমূল কার্যালয়ে পৌঁছে তল্লাশির প্রস্তুতি নেয়।
তদন্তকারী সংস্থার দাবি, যে বিতর্কিত চিঠি ও স্বাক্ষরকে কেন্দ্র করে জালিয়াতির অভিযোগ উঠেছে, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি এবং রেজোলিউশনের কাজ এই কার্যালয়েই হয়েছিল বলে তথ্য মিলেছে। সেই সূত্র ধরেই তল্লাশিতে নামে CID।
তবে CID আধিকারিকদের প্রবেশে আপত্তি জানান তৃণমূলের একাধিক নেতা। তাঁদের দাবি, যাঁদের সঙ্গে তদন্তকারীরা কথা বলতে চান, তাঁরা বর্তমানে দিল্লিতে রয়েছেন। তাই আরও দু’দিন সময় দেওয়ার আবেদন জানানো হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন প্রাক্তন তৃণমূল সাংসদ শুভাশিষ চক্রবর্তী বাইরে এসে CID আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, যার নামে নোটিস দেওয়া হয়েছে তিনি উপস্থিত না থাকায় তাঁর অনুপস্থিতিতে তল্লাশি চালাতে দেওয়া যাবে না। এর জেরে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে তীব্র বাদানুবাদ শুরু হয়।
অন্যদিকে, একই মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার বিকেল ৫টায় ভবানীভবনে হাজিরার নোটিস দিয়েছে CID। এটি তাঁর কাছে পাঠানো তৃতীয় নোটিস। তবে হাইকোর্টে মামলার শুনানির কথা উল্লেখ করে সময় চেয়েছেন অভিষেক। বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন বলে জানা গেছে।
বিধায়কদের সই জালিয়াতিকাণ্ড ঘিরে রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে। CID-র এই তল্লাশি ও তলবকে কেন্দ্র করে আগামী দিনে তদন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজনৈতিক