বিধাননগরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের প্রভাবশালী নেতা সব্যসাচী দত্তকে পুরনো তোলাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং মঙ্গলবার বিধাননগর থানা থেকে আদালতে নিয়ে যাওয়া হলে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।
পুলিশের গাড়িতে তোলার সময় উত্তেজিত জনতা সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম ও গোবর ছুঁড়ে মারেন। আদালত চত্বরে পৌঁছানোর পরও একই ধরনের বিক্ষোভ দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা।
এই বিষয়ে বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শারদ্বত মুখার্জি কটাক্ষ করে বলেন, “ঠিক লোককে ঠিক জিনিস ছোঁড়া হয়েছে। উনি তো ফুল ছোঁড়ার লোক নন।” পাশাপাশি ডিমের দাম নিয়েও ব্যঙ্গাত্মক মন্তব্য করেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে এক ব্যবসায়ীর কাছ থেকে এক কোটি পাঁচ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগে সব্যসাচী দত্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার তদন্তেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। তাঁর দাবি, অভিযোগকারী নিজেই অভিযুক্ত এবং অভিযোগ প্রমাণিত হলে তিনি কঠোরতম শাস্তি মেনে নেবেন।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। ডিম নিক্ষেপের ঘটনায় আগে শিরোনামে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই তালিকায় যুক্ত হলেন সব্যসাচী দত্ত।