টানা তিন দিনে তিনবার তলব, সিআইডি-ইডির জেরার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়
টানা তিন দিনে তিনবার তদন্তকারী সংস্থার তলবের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৪ জুন বিধানসভার সই-কাণ্ডে ভবানী ভবনে সিআইডি দফতরে হাজিরা দেওয়ার পর ১৫ জুন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপর মঙ্গলবার ফের লোকসভা নির্বাচনের প্রচারে উস্কানিমূলক বক্তব্য এবং ‘ডিজে বাজানোর হুমকি’ সংক্রান্ত মামলায় তাঁকে তলব করেছে সিআইডি।
সোমবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই জিজ্ঞাসাবাদের জন্য একটি ১২ পাতার প্রশ্নতালিকা প্রস্তুত করা হয়েছিল। সেই তালিকায় থাকা প্রতিটি প্রশ্নের উত্তর নেওয়া হয় অভিষেকের কাছ থেকে। জিজ্ঞাসাবাদের সম্পূর্ণ রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছে বলেও সূত্রের দাবি।
ইডি সূত্রে খবর, প্রাথমিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বয়ানে সন্তুষ্ট তদন্তকারীরা। তবে তাঁর সমস্ত বক্তব্য এবং নথিপত্র মঙ্গলবার পৃথকভাবে খতিয়ে দেখা হবে। তদন্তে কোনও অসঙ্গতি বা বয়ানে গরমিল ধরা পড়লে চলতি সপ্তাহের মধ্যেই তাঁকে ফের তলব করা হতে পারে বলে জানা গিয়েছে।
দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, তদন্তে তিনি সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং যে সমস্ত প্রশ্ন করা হয়েছে, তার যথাযথ উত্তর দিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, অতীতেও তদন্তকারী সংস্থার ডাকে সাড়া দিয়েছেন এবং ভবিষ্যতেও প্রয়োজন হলে হাজির হবেন। তাঁর কথায়, “যখনই ডাকা হয়েছে, আমি এসেছি। আগামী দিনেও ডাকলে, যদি কোনও পূর্বনির্ধারিত কর্মসূচি না থাকে, অবশ্যই আসব।”
এদিকে, ইডি দফতর থেকে বেরিয়ে সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান অভিষেক। সেখানে প্রায় ১০ মিনিট অবস্থান করার পর তিনি নিজের বাড়ির উদ্দেশে রওনা দেন। টানা তিন দিনের এই তলব ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা ও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।